কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ এ ১১:৪৮ AM

Bangla QR

কন্টেন্ট: পাতা

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.

Bangla QR সেবা সংক্রান্ত জিজ্ঞাসা (FAQ)

অংশ ১: Bangla QR পরিচিতি

প্রশ্নঃ Bangla QR কী?

উত্তরঃ Bangla QR হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত একটি জাতীয় মানসম্পন্ন QR কোড ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা, যা EMVCo আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকগণ যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাপ দিয়ে একটি একক QR কোড স্ক্যান করেই যেকোনো নিবন্ধিত মার্চেন্টের কাছে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারেন। এর মূল লক্ষ্য হলো দেশে ক্যাশলেস, নিরাপদ ও আন্তঃব্যবহারযোগ্য (Interoperable) একটি ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা।

প্রশ্নঃ Bangla QR অন্যান্য প্রচলিত QR (যেমন bKash, Nagad QR) থেকে কীভাবে আলাদা?

উত্তরঃ প্রচলিত অনেক QR সেবা একটি নির্দিষ্ট প্রোভাইডারের অ্যাপ দিয়েই কেবল স্ক্যান করা যায় । কিন্তু Bangla QR হলো Interoperable বা আন্তঃব্যবহারযোগ্য, অর্থাৎ যেকোনো ব্যাংক বা MFS অ্যাপ দিয়ে একই QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়। ফলে মার্চেন্টকে একাধিক QR কোড না রেখে একটিমাত্র Bangla QR প্রদর্শন করলেই চলে।

প্রশ্নঃ BDBL কবে থেকে Bangla QR Acquirer হিসেবে কার্যক্রম শুরু করেছে?

উত্তরঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. (BDBL) গত ২৯ জুন, ২০২৬ তারিখ হতে Bangla QR Acquirer কার্যক্রমের লাইভ অপারেশন শুরু করেছে। এখন থেকে BDBL মার্চেন্ট অনবোর্ডিং, QR কোড ইস্যু এবং সংশ্লিষ্ট লেনদেন নিষ্পত্তির কাজ পরিচালনা করছে।

প্রশ্নঃ Bangla QR লেনদেন কীভাবে সম্পন্ন হয়?

উত্তরঃ গ্রাহক তার মোবাইল ব্যাংকিং/MFS অ্যাপ দিয়ে মার্চেন্টের প্রদর্শিত Bangla QR কোড স্ক্যান করেন, পরিমাণ প্রবেশ করান এবং PIN/OTP দিয়ে লেনদেন নিশ্চিত করেন। এরপর লেনদেনটি ইস্যুয়ার ব্যাংক থেকে অ্যাকুয়ারার ব্যাংকের (BDBL) মাধ্যমে মার্চেন্টের হিসাবে জমা হয়।

অংশ ২: মূল পরিভাষা (Merchant, Acquirer, Issuer)

প্রশ্নঃ মার্চেন্ট (Merchant) কে?

উত্তরঃ মার্চেন্ট হলেন সেই ব্যবসায়ী বা প্রতিষ্ঠান, যিনি তার দোকান বা প্রতিষ্ঠানে Bangla QR কোড স্থাপন করে গ্রাহকদের কাছ থেকে পণ্য বা সেবার মূল্য বাবদ ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেন। মার্চেন্ট হতে পারেন খুচরা দোকানদার, রেস্টুরেন্ট, সুপারশপ, ফার্মেসি, সার্ভিস প্রোভাইডার ইত্যাদি যেকোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠান, যারা BDBL-এ মার্চেন্ট হিসাবে নিবন্ধিত।

প্রশ্নঃ অ্যাকুয়ারার (Acquirer) কে এবং এর কাজ কী?

উত্তরঃ অ্যাকুয়ারার হলো সেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, যে মার্চেন্টকে অনবোর্ড করে, তার নামে Bangla QR কোড ইস্যু করে এবং মার্চেন্টের পেমেন্ট গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করে। লেনদেন সম্পন্ন হওয়ার পর গ্রাহকের ইস্যুয়ার ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে মার্চেন্টের হিসাবে জমা (Settlement) করার দায়িত্বও অ্যাকুয়ারারের। এই ভূমিকায় বর্তমানে BDBL কাজ করছে।

প্রশ্নঃ ইস্যুয়ার (Issuer) কে এবং এর কাজ কী?

উত্তরঃ ইস্যুয়ার হলো সেই ব্যাংক বা MFS প্রতিষ্ঠান, যেখানে গ্রাহকের হিসাব (অ্যাকাউন্ট) থাকে এবং যে গ্রাহককে মোবাইল ব্যাংকিং/কার্ড সুবিধা প্রদান করে। গ্রাহক যখন Bangla QR স্ক্যান করে পেমেন্ট করেন, তখন ইস্যুয়ার ব্যাংক গ্রাহকের হিসাব থেকে টাকা কর্তনের অনুমোদন প্রদান করে এবং তা অ্যাকুয়ারারের মাধ্যমে মার্চেন্টের কাছে পৌঁছে দেয়।

প্রশ্নঃ একই গ্রাহক-লেনদেনে BDBL কখন Acquirer এবং কখন Issuer হিসেবে কাজ করে?

উত্তরঃ যদি কোনো গ্রাহক BDBL-এর নিবন্ধিত মার্চেন্টের কাছে অন্য কোনো ব্যাংক/MFS অ্যাপ দিয়ে পেমেন্ট করেন, তাহলে সেই লেনদেনে BDBL থাকে Acquirer এবং গ্রাহকের ব্যাংক থাকে Issuer। বিপরীতে, যদি BDBL-এর কোনো গ্রাহক অন্য কোনো ব্যাংকের মার্চেন্টের কাছে পেমেন্ট করেন, তখন সেই লেনদেনে BDBL থাকে Issuer এবং অন্য ব্যাংকটি থাকে Acquirer।

অংশ ৩: MDR (Merchant Discount Rate) ও নিষ্পত্তি

প্রশ্নঃ MDR (Merchant Discount Rate) কী?

উত্তরঃ MDR হলো একটি নির্দিষ্ট হার বা চার্জ, যা প্রতিটি সফল লেনদেনের ভিত্তিতে মার্চেন্টের পাওনা অর্থ থেকে কর্তন করা হয়। এই চার্জ Acquirer, Issuer এবং সুইচ পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভাগ হয়ে থাকে। অর্থাৎ মার্চেন্ট লেনদেনের সম্পূর্ণ অর্থ পান না; নির্ধারিত MDR হার বাদ দিয়ে অবশিষ্ট অর্থ তার হিসাবে জমা হয়।

প্রশ্নঃ BDBL-এ Bangla QR-এর জন্য MDR হার কত?

উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও ব্যাংক কর্তৃপক্ষের অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী MDR হার নির্ধারিত হয় এবং তা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। Bangla QR লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য MDR হার বর্তমানে লেনদেনের পরিমাণের ১%। অর্থাৎ, কোনো মার্চেন্টের মাধ্যমে ১,০০০ টাকা Bangla QR লেনদেন সম্পন্ন হলে, প্রযোজ্য MDR বাবদ ১০ টাকা কর্তন হবে এবং অবশিষ্ট ৯৯০ টাকা মার্চেন্টের হিসাবে জমা হবে।

প্রশ্নঃ Bangla QR-এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে ক্রেতার কোনো অতিরিক্ত চার্জ বা কর্তন হয় কি?

উত্তরঃ না। Bangla QR-এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে ক্রেতার কাছ থেকে কোনো অতিরিক্ত চার্জ বা অর্থ কর্তন করা হয় না। ক্রেতা শুধুমাত্র পণ্য বা সেবার প্রকৃত মূল্যই পরিশোধ করেন।

প্রশ্নঃ Bangla QR সেবার জন্য মার্চেন্টের কোনো অনবোর্ডিং চার্জ বা রক্ষণাবেক্ষণ (Maintenance) ফি আছে কি?

উত্তরঃ না। Bangla QR সেবা গ্রহণের জন্য মার্চেন্টের কাছ থেকে কোনো অনবোর্ডিং চার্জ, রক্ষণাবেক্ষণ (Maintenance) ফি বা অতিরিক্ত কোনো সেবা ফি গ্রহণ করা হয় না।

প্রশ্নঃ মার্চেন্ট কখন তার টাকা পাবেন? (Settlement)

উত্তরঃ Bangla QR লেনদেন সফল হওয়ার সঙ্গে সঙ্গেই মার্চেন্টের হিসাবে (MDR কর্তনের পর অবশিষ্ট) অর্থ তাৎক্ষণিকভাবে জমা হয়।

প্রশ্নঃ প্রশ্ন: কোন ধরনের ব্যাংক হিসাবের জন্য Bangla QR সেবা গ্রহণ করা যায়?

উত্তরঃ ঋণ (Loan) হিসাব ব্যতীত BDBL-এর অন্যান্য ব্যাংক হিসাব Bangla QR সেবার জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ, সঞ্চয়ী (Savings) এবং চলতি (Current) হিসাবের বিপরীতে Bangla QR ইস্যু করা যায়।

অংশ ৪: মার্চেন্ট অনবোর্ডিং ও নিরাপত্তা

প্রশ্নঃ কীভাবে একজন ব্যবসায়ী BDBL-এর মাধ্যমে Bangla QR মার্চেন্ট হতে পারেন?

উত্তরঃ Bangla QR সেবা গ্রহণে আগ্রহী ব্যবসায়ীকে শুধুমাত্র BDBL-এ একটি ব্যাংক হিসাব থাকতে হবে এবং নির্ধারিত Bangla QR আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট শাখা প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে আইটি বিভাগের সহায়তায় ব্যবসায়ীর নামে Bangla QR কোড প্রস্তুত করবে এবং ব্যাংক থেকেই QR কোড সরবরাহ করা হবে। ব্যবসায়ী প্রাপ্ত QR কোডটি তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রদর্শন করে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

প্রশ্নঃ Bangla QR ব্যবহারে মার্চেন্টের কী কী সুবিধা রয়েছে?

উত্তরঃ নগদ টাকা রাখা ও গণনার ঝামেলা কমে, ব্যবসার লেনদেনের স্বচ্ছ ডিজিটাল রেকর্ড তৈরি হয়, একটিমাত্র QR দিয়ে সকল ব্যাংক/MFS গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নেওয়া যায়, নগদ চুরি বা জালিয়াতির ঝুঁকি হ্রাস পায়, এবং ভবিষ্যতে ব্যাংক ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও লেনদেনের ইতিহাস সহায়ক হতে পারে।

প্রশ্নঃ Bangla QR লেনদেন কি নিরাপদ?

উত্তরঃ হ্যাঁ। Bangla QR EMVCo-এর আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হয় এবং প্রতিটি লেনদেন গ্রাহকের PIN/OTP দ্বারা যাচাইকৃত হয়। এছাড়া NPSB-এর মাধ্যমে এনক্রিপ্টেড চ্যানেলে লেনদেন রাউটিং হওয়ায় তথ্য নিরাপত্তা নিশ্চিত থাকে।

প্রশ্নঃ লেনদেনে কোনো সমস্যা বা বিরোধ (Dispute) দেখা দিলে কী করণীয়?

উত্তরঃ কোনো লেনদেন ব্যর্থ হলেও গ্রাহকের হিসাব থেকে টাকা কর্তন হয়ে গেলে, অথবা মার্চেন্টের হিসাবে প্রত্যাশিত অর্থ জমা না হলে, সংশ্লিষ্ট শাখা বা Bangla QR বাস্তবায়ন ইউনিটে লেনদেনের বিস্তারিত তথ্যসহ অভিযোগ জানাতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত Dispute Management নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

প্রশ্নঃ কোন কোন অ্যাপ দিয়ে BDBL-এর Bangla QR স্ক্যান করে পেমেন্ট করা যাবে?

উত্তরঃ Bangla QR যেহেতু Interoperable, তাই বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ও NPSB-এর সাথে সংযুক্ত যেকোনো ব্যাংক অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) প্রতিষ্ঠানের অ্যাপ দিয়েই BDBL-এর মার্চেন্টের QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে।

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন: হটলাইন- ১৬৮০৫

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন